তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিস চলাকালে প্রতিপক্ষের মারধরে অন্তঃসত্ত্বা নারীসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পরিবারের পক্ষ থেকে পরদিন থানায় অভিযোগ দায়ের করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হাঁস পালনকে কেন্দ্র করে ধুনাই বেপারীর ছেলে আক্কাছ আলী ও দুদু ফকিরের পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়। এ নিয়ে ঘটনার দিন বিকেলে একই গ্রামের আবুল কালামের বাড়িতে সালিস বৈঠক বসে। সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের বাবা আলী হোসেনের সভাপতিত্বে সালিস বৈঠকে দুদু ফকিরের ছেলে-আকমত, সোহান, কালাম, আমের ও জামাল তাদের প্রতিপক্ষ আক্কাছ আলীসহ তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই নারীসহ ছয়জন গুরুতর আহত হন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।