শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ও চিকন্দী ইউনিয়নের ছয়টি বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৪ টার মধ্যে চিকন্দী ইউনিয়নের ছোট সন্দীপ ও আবুড়া গ্রামে এবং বিনোদপুর ইউনিয়নের ঢালীকান্দি ও কাচারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা বসতঘর বাইরে থেকে বন্ধ করে রাখে। আগুন নেভানোর পানির সংকট সৃষ্টির লক্ষ্যে নলকূপের ভেতরে ময়লা ঢুকিয়ে রাখে ও টিউবওয়েলের হাতল খুলে নেয়।
তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ। স্থানীয় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করেছে পালং মডেল থানা পুলিশ। শরীয়তপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আমজাদ হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। এর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।



