দিনাজপুরের নবাবগঞ্জে একটি ডোবা থেকে মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদরাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের মাহালীপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের কালিপুর এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ভলকা দাখিল মাদরাসার শিক্ষক।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বলেন, মঙ্গলবার মধ্য রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পথে মনিরুল ইসলাম মাহালীপাড়ার একটি পানিভর্তি ডোবায় পড়ে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



