ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতঘর। এতে উভয়পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গ্রাম্য দলাদলি নিয়ে সেনহাটি গ্রামের ইউপি সদস্য কবির মাতুব্বরের সমর্থকদের সাথে প্রতিপক্ষের গ্রাম্য দলনেতা মোঃ ফাগু মাতুব্বরের সমর্থকদের দ্বন্দ্ব চলছিল। যদিও একটি মামলায় কবির মাতুব্বর বর্তমানে কারাগারে রয়েছেন। তারপরেও চলমান দ্বন্দ্বের জেরধরে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে পাশের গোয়ালপাড়া, খোয়াড় ও খাগড় গ্রামের কয়েক শতাধিক মানুষ দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে অংশ নেয়। ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হন। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।