কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের রাজু মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ড ঘটিয়ে ছোট ভাই আঙ্গুর মিয়া গাঢাকা দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যার দিকে বড় ভাই চান মিয়ার সাথে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চান মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চান মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।