ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি বসতঘর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান- সেনহাটি গ্রামের ইউপি সদস্য কবির মাতুব্বরের সমর্থকদের সাথে আরেক গ্রাম্য দলনেতা মো: ফাগু মাতুব্বরের সমর্থকদের দ্বন্দ্ব চলছিল। যদিও একটি মামলায় কবির মাতুব্বর বর্তমানে কারাগারে রয়েছেন। তারপরেও চলমান দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের তুমুল সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে পাশের গোয়ালপাড়া, খোয়াড় ও খাগড় গ্রামের কয়েক শ’ লোক দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে সংঘর্ষ চলাকালে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা। সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো: সুমিনুর রহমান বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।



