ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পাড় ভেঙে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার একাংশ প্লাবিত হয়েছে।

শুক্রবার ভোগাই ও চেল্লাখালি নদীর ১৫ জায়গায় পাড় ভাঙ্গনের কারণে এ প্লাবন হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ভারত থেকে নেমে আসা ঢলে ভোগাইয়ের রামচন্দ্রকুড়া, নয়াবিল, পৌরসভার ২ ও ৮ নম্বর ওয়ার্ড, নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙ্গা, যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের বেশ কয়েক জায়গায় নদী ভাঙ্গন হয়। এসব এলাকা ভাঙ্গনের কারণে নয়াবিল, বাঘবেড়, যোগানিয়া, মরিচপুরান, নালিতাবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠা, মসজিদ ও মাদরাসায় পানি ঢুকেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, প্রকল্প কর্মকর্তা আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত মানুষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।