পাবনার আটঘরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢাল নামক স্থানে ওই যুবক নিহত হন।

নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম শান্ত। তিনি আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের সাইফুল্লাহ ইসলাম ওরফে রতন আলীর ছেলে এবং শান্ত এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত শান্ত ও অপর দু‘জন বন্ধু মিলে আটঘরিয়া থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢাল নামক স্থানে পৌঁছান। সেখানে তাদের মোটরসাইকেলের সাথে চাটমোহরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত এবং অপর দু‘জন গুরুতর আহত হন।