ফেসবুকে পরিচয়। এরপর চ্যাটিং। মোবাইলে প্রেমের নানা প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজারগাও গ্রামের ইবরাহিম হোসেনের কিশোর ছেলে জয়নালকে (১৭) বগুড়ার শাজাহানপুরে ডেকে এনে স্বামী পরিত্যক্তা ও তিন সন্তানের জননী সখিনা বেগমের (৪০) সাথে বিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে। শনিবার এলাকাবাসী জানান, সখিনার ১২ বছর, ৯ বছর ও ৬ বছর বয়সী তিনটি ছেলেমেয়ে রয়েছে।
সখিনা জানান, মোবাইলে ফেসবুকে তার সাথে প্রেমের সম্পর্ক। এরই ধারাবাহিকতায় তাকে আসতে বললে সে উপজেলার মাঝিড়া বাজারে আসে। সেখান থেকে তাকে নিয়ে এসে বিয়ে পড়ানো হয়।
কিশোর জয়নাল বলে, সখিনার সাথে মোবাইলে পরিচয়। আমি জানি না সে তিন সন্তানের মা। মোবাইলে সে আমার সাথে প্রেম করে এবং আমাকে বগুড়ায় বেড়াতে আসতে বলে। এরপর ভয়ভীতি দেখিয়ে বিয়ে পড়িয়ে দেয়া হয়।
এ ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন দিলে শাজাহানপুর থানার এসআই সাদ্দাম হোসেন, এসআই শামীম আহমেদ ও এসআই আবদুর রহমান ঘটনাস্থলে যান। তারা জানান, যেহেতু বিয়ে হয়ে গেছে, সে ক্ষেত্রে করার কিছু নেই।
এ বিষয়ে বগুড়া আদালতের আইনজীবী রহিমা খাতুন মেরী বলেন, দেশের আইন অনুুযায়ী বিয়ের বয়স ছেলেদের ক্ষেত্রে ২২ বছর এবং মেয়েদের ১৮ বছর। এ ক্ষেত্রে ছেলেটির বয়স কম ও নাবালক। তাই আইনের দৃষ্টিতে এ বিয়ে বৈধ নয়।