ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত দুইদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। সদর উপজেলার বিয়ার ঘাটের বাঁধ অভ্যন্তরের একটি কাঁচা রাস্তার ৩০ ফুট ভেঙে তিন শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। ভেঙে গেছে একটি দোকান ও তিনটি ঘর।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, উজানের পানি বাড়ায় গত কয়েকদিন ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় সব নদী ও শাখা নদীর পানি বাড়ছে। জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় যমুনা ও শাখা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। অন্যদিকে চলনবিলের তাড়াশের শাখা নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও করতোয়া, ফুলজোড়, বড়াল, হুড়াসাগর, ইছামতী নদীসহ চলনবিলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে।



