দিনাজপুরে ছোট-বড় ১৯টি নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। জেলার আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। বৃষ্টি হলে যেকোনো সময় এ তিন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
জানা যায়, গত কয়েক দিন ধরে উজান থেকে বেয়ে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। বৃষ্টির প্রভাবে জেলার ওপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও শুক্রবার বৃষ্টিপাত না হওয়ায় বিপৎসীমার নিচে নেমে গেছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম জানান, ‘জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনার পানি বাড়ছে। পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপৎসীমা থাকলেও বর্তমানে রয়েছে ৩০ দশমিক ৫১০ মিটার, আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৬৫০ থাকলেও বর্তমানে রয়েছে ৩৮ দশমিক ৩৫০ এবং ছোট যমুনা নদীর পানি বিপৎসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও বর্তমানে রয়েছে ২৮ দশমিক ১ মিটার। ইতোমধ্যে শুক্রবারের বৃষ্টিপাতের ফলে আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল।’
তিনি আরো জানান, ‘দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করবে। ফলে জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘ভারতের শিলিগুড়ি, আসামসহ বেশ কয়েকটি রাজ্যের ওপর বৃষ্টির বলয় রয়েছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রামসহ আশপাশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।’
পাশাপাশি একই সময়ে দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে তিনি জানান।



