আগামী ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন ও জনসভা সফল করতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. মোহাম্মাদ ইউনুস পদ্মা সেতু নিয়ে অনেক মিথ্যাচার ও ষড়যন্ত্র করেও কিছুই করতে পারেননি। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন ও জনসভাকে সফল করতে আমি নেতাকর্মীদের আহ্বান জানাই। সেই সাথে ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, সহসভাপতি সিরাজ ফরাজি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান লতিফ, ইরশাদ হোসেন উজ্জ্বল, আইনবিষয়ক সম্পাদক ও ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আক্তার প্রমুখ।