ঝালকাঠির নলছিটিতে পঙ্কজ চন্দ্র শীল (৩২) নামে এক নরসুন্দরকে হত্যার ঘটনায় তার স্ত্রী সোনালী শীলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বারইকরণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, গত ১২ জুন রাতে জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় পঙ্কজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন পঙ্কজের বাবা নরেন্দ্রনাথ শীল বাদি হয়ে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় মামলা দায়ের করেন। রোববার রাতে পঙ্কজের স্ত্রী সোনালীকে (৩২) বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সোনালীর চাচাতো দুই ভাইয়ের ছেলে বিশ্বজিত চন্দ্র শীল (২২) ও শুভ শীলকে (২০) গ্রেফতার করা হয়।
নিহত পঙ্কজ ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি সেলুনে কাজ করতেন। তিনি শহরের বাহের রোড এলাকার নরেন্দ্রনাথ শীলের ছেলে। পঙ্কজ বারইকরণ শ্বশুরবাড়িতেই থাকতেন। মাদকাসক্ত হওয়ায় স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না বলে জানায় পুলিশ।
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, মাত্র সাত দিনের মাথায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। পঙ্কজ হত্যাকাণ্ডে জড়িত স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।



