স্বপ্ন, পদ্মা ও সেতুর পর নারায়ণগঞ্জে আরো এক নারী একসাথে ৩ সন্তানের মা হয়েছেন। নবজাতক তিনজনই মেয়ে।
সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের হেলথ সেন্টার হাসপাতালে লাইজু নামের ওই নারী তিন সন্তানের জন্ম দেন। পপুলার হাসপাতালের চিকিৎসক নুর এ নাজমা লিমার চিকিৎসায় দীর্ঘ দিন পর মা হন লাইজু।
তিন নবজাতকের নাম রাখা হয়েছে আদিবা ইসলাম (সুবাইতা) আরিয়া ইসলাম (শাফিয়া) ও আফরা ইসলাম (সাওফা)।
তিন সন্তানের জন্মের পর চিকিৎসক লিমার ভাই একে এম তানভীর বাবু ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদূল্লিলাহ্। আল্লাহ তায়ালার রহমতে আমার বোন ডা: নুরে নাজমা লিমার চিকিৎসায় মিসেস লাইজু দীর্ঘ বছর পর একসাথে তিন সন্তানের মা হলেন। মা ও বাচ্চা সবাই সুস্থ্ আছেন। ডা: নুরে নাজমা লিমা, তার টিম এবং তিন নবজাতকদের জন্য সবাই দোয়া করবেন।’
জানা গেছে, ফতুল্লার সেহাচর এলাকার রানা ইসলাম এলাকায় মুদি দোকানদারী করেন। পাঁচ বছর আগে তার সাথে বিয়ে হয় লাইজুর। কিন্ত দীর্ঘ দিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার দেখান তারা। পরে পপুলার হাসপাতালের গাইনী চিকিৎসক ডা: নুরে নাজমা লিমার কাছে চিকিৎসা নেন।
মঙ্গলবার দুপুরে রানা মিয়া নয়াদিগন্তকে জানান, তার স্ত্রী লাইজু একসাথে তিন মেয়ের মা হয়েছেন। তিন জনই মেয়ে। তারা সবাই সুস্থ আছে। পরিবারের সাথে আলাপ করে ইসলামী শরীয়ত মোতাবেক মেয়েদের নাম রাখা হয়েছে।
তিনি জানান, একই হাসপাতালে পাশের বেডে জন্ম নিয়েছিল স্বপ্ন, পদ্মা ও সেতু।
চিকিৎসক লিমা নয়াদিগন্তকে জানান, ‘আলহামদুল্লিলাহ্। আল্লাহ তায়ালার রহমতে আমার চিকিৎসায় মিসেস লাইজু দীর্ঘ বছর পর একসাথে তিন সন্তানের মা হলেন। মা ও বাচ্চারা সবাই সুস্থ আছেন। তার টিম এবং তিন নবজাতকদের জন্য সবাই দোয়া করবেন।’ ইসলামের নিয়ম অনুযায়ী মঙ্গলবার আকীকা করে তিন কন্যা সন্তানের নামকরন করা হয়েছে।



