নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃত ওই দুই কৃষক তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের অধিবাসী। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকালে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় চৌদ্দমাইল মোড়-সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন দেখে আশ্রয় নেয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বজ্রপাতে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।