কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্যবিজয়ী জামায়াত সমর্থিত দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩-এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আতাব উল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কারাগারে আটকরা হলেন- নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, মো: রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও শুভপুর এলাকার নজির আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কুরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার তারা কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩-এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।