ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার এলাকায় একটি প্রাইভেটকার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সড়কের মাঝখানে উল্টে গিয়েছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া বাজারের ওভার ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৫)। আহত তিনজনের পরিচয় প্রতিবেদনটি লেখা পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজারের ওভার পাস ব্রিজে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এস আই বেল্লাল হোসেন একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবরটি নিশ্চিত করেন। তবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো হওয়া যায়নি বলেও জানান তিনি।

এ দুর্ঘটনায় আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।