নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় তহিদুল ইসলাম (৭০) নামে আরো এক বৃদ্ধ কৃষক আহত হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতে হতাহত হন তারা। নিহত ও আহতরা তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের অধিবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন।
তিনি আরো বলেন, কৃষকরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।