গাজীপুর মহানগরীর টঙ্গীতে দোকানের সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে স্থানীয় আউচপাড়া সুরতরঙ্গ রোডের দুলু মিয়ার মার্কেটের একটি দোকানের সাইনবোর্ড অপসারণকালে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলপাজরা গ্রামের জিলু মিয়ার ছেলে জুলহাস ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবু সায়েম।

এ ঘটনায় শফিকুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, দুলু মিয়ার মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী আবু সায়েম জুলাই মাস থেকে দোকান ছেড়ে দেন। বুধবার দুপুর আড়াইটার দিকে দু’তলায় তার দোকান থেকে জুলহাস ও শফিকুলকে নিয়ে সাইনবোর্ড খুলছিলেন। এ সময় সাইনবোর্ডের স্টীলের পাত পাশে বিদ্যুতের লাইনের সাথে ঘর্ষণে তারা সকলেই বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় জুলহাস ও সায়েমকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং শফিকুলকে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাস বিকেল ৩টায় এবং সায়েম ৪টায় মারা যান। শফিকুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।