সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (নৌকা প্রতীকের) আবুল বসার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ১৬ জুন ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাসারের বিরুদ্ধে গত তিন বছরের ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ, প্রাক্তন ইউপি সচিব দিয়ে পরিষদের রেজুলেশন করানো, জনস্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া ২০ সেট রিংস্লাব ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিসহ পুরনো সেতুর লোহার মালামাল বিক্রির অভিযোগ রয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান আবুল বাসার খানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।