ঝালকাঠির সদর উপজেলার সাচিলাপুর গ্রামের বিদেশফেরত এক ব্যক্তির খামারে বিষ দিয়ে শতাধিক হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বিষক্রিয়ায় তার ঘেরের বিভিন্ন প্রজাতির সব মাছ মরে ভেসে উঠেছে। রোববার গভীর রাতে খামারে ও মাছের ঘেরে পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন খামারি জয়নাল আবেদীন। অভিযোগের তীর উঠেছে রিন্টু হাওলাদার নামে এক প্রভাবশালীর দিকে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়নাল আবেদীন সৌদি আরব থেকে এসে ১৫ দিন আগে খামারে শতাধিক হাঁসের বাচ্চা পালন শুরু করেন। হাঁসের খামারের পাশেই ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত রিন্টু হাওলাদার বলেন, কারা খামারে বিষ দিয়েছে, তা আমাদের জানা নেই। আমাদের সাথে জমির বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।