বরগুনায় পুলিশের করা মামলায় কারাগারে থাকা বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা। বরগুনার আমতলীতে গত মঙ্গলবার বিএনপির বিক্ষোভ ও সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। এ ঘটনায় বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক মোহাম্মদ আনিসুর রহমান তা মঞ্জুর করেছেন।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের এজহার নামীয় ও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়। গত মঙ্গলবার আমতলী থানার এসআই ইউনুস আলী ফকির বাদি হয়ে এ মামলা করেন।
ঘটনার পরপরই পুলিশ বিএনপি অফিস ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপির উপজেলা সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামানি হিরু, যুবদলের সদস্য কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারসহ ১৩ জন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।



