সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কালিয়া হরিপুর ইউনিয়নের চরবনবাড়ীয়া এলাকায় সড়কের পাশে দীর্ঘ দিন ধরে সিরাজগঞ্জ পৌরসভা ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরে যাতায়াতের ব্যস্ততম এই সড়কের পাশে এভাবে ময়লা-আবর্জনা রাখায় এলাকাবাসী ও পথচারীরা ক্ষুব্ধ।
জানা গেছে, সিরাজগঞ্জ পৌরশহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা স্তূপ করে রাখায় দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। এছাড়া বৃষ্টি হলে ময়লার পানি সড়কে ছড়িয়ে পড়ায় পথচারীদের দুর্ভোগ আরো বাড়ে। এখান থেকে ময়লা-আবর্জনা ফেলার স্থান অন্যত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর শেখ জানান, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কের পাশে রাখা ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গন্ধে এখানে মানুষ না থাকায় মাদক বিক্রি ও সেবনকারীরা এই স্থান বেছে নিয়েছে। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি এ ময়লা-আবর্জনা অন্যত্র সরিয়ে নেয়ার জন্য।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, এটি পৌরসভার নির্দিষ্ট ও নিজস্ব স্থান ময়লা-আবর্জনা ফেলার। দুর্গন্ধমুক্ত রাখতে প্রতি মাসে ৮০ হাজার টাকা ব্যয় করা হয়। সড়কে কোনো ময়লা থাকলে পরিষ্কার করে দেয়া হবে।



