বগুড়ার শাজাহানপুরে নওফেল (১২) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের দুই দিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার নওফেলের পরিবার জানায়, গত সোমবার রাতে বিদেশী ঘাসের জমির ভেতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এর আগে গত শনিবার দিন নওফেলকে ফোন করে ডেকে নেয় তার পরিচিত কয়েকজন। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শাজাহানপুর থানায় জিডি করা হয়। নিহত নওফেল উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা হাটপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে এবং দাড়িগাছা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।