রাঙ্গামাটি ও বাঘাইছড়িতে নদীর পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে দুই কিশোরের এবং বাঘাইছড়ি কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
রাঙ্গামাটি শহরে নিহতরা হলেন, মাহিদুর রহমান মুহিত ও আহনাফ সাদিব ইনাম। তারা দু’জনই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।
অপর ঘটনাটি ঘটে বাঘাইছড়ি উপজেলায়। কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুকর চাকমা ও চিরজ্যোতি চাকমা নামে দুই যুবক। কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পাহাড়ি ঢলের স্রোতে পানিতে দু’জনেই তলিয়ে যায়। ঘটনার একদিন পর বৃহস্পতিবার সকালে দু’জনের লাশ পাওয়া যায় ।
রাঙ্গামাটিতে গত বুধবার বিকেলে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে পানিতে দুই কিশোর তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, হাসপাতালে আনার আগেই দু’জনই মারা গেছে।
অপর ঘটনা ঘটে বাঘাইছড়ি উপজেলায়। বুধবার বাঘাইছড়ির মাচালং ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় বন্যায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে ধরতে যান সুখর চাকমা ও চিরজ্যোতি চাকমা।
মাছ ধরার এক পর্যায়ে কাচালং নদীর পাহাড়ি ঢলে খরস্রোতা নদীর পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সারা দিন খোঁজাখুঁজির পরও তাদের লাশ উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রূপকারী বিজয় ঘাট এলাকায় সুখর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।