পাবনা সদর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদরের টেবুনিয়া ও জালালপুর বাজারের দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা রয়েল ডাচ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসচালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। একজন ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, দুপুর একটার দিকে পাবনার টেবুনিয়া সিড গোডাউন মোড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন চালক ও হেলপারসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।