ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা দক্ষিণপাড়া গ্রামের শাহাদাত আলী শেখের ছেলে নূরুল ইসলাম। প্রায় ১৪ বছর আগে তিনি পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু সেখানে গিয়ে তিনি পড়ে যান বিপদে। সে দেশের সরকারের আইনে আটক ও পাঁচ বছরের জেল হয় তার। অবশেষে ওই দেশের হাই কমিশনের দ্বিতীয় সচিব ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তারুজ্জামানের মহানুভবতায় কারাগার থেকে মুক্তি পেয়ে নূরুল ইসলাম দেশে ফিরে আসতে পেরেছেন।
জানা গেছে, মালয়েশিয়ায় নূরুল ইসলামের পাঁচ বছরের জেল হওয়ার বিষয়টি নজরে আসে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী (লেবার) সুমন চন্দ্র দাসের। পাঁচ বছরের জায়গায় দুই বছরে একটি বিশেষ সুযোগে নূরুল ইসলামকে কারাগার থেকে মুক্ত করা সম্ভব বলে তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানকে জানান।
ইউএনও আক্তারুজ্জামান গত ১৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরুল ইসলামের (৩৬) সন্ধান চেয়ে একটি পোষ্ট দেন। ২৪ ঘণ্টার মধ্যেই সন্ধান মিলে নূরুল ইসলামের পরিবারের। গত ১৪ জুন নূরুল ইসলামের স্ত্রী, সন্তান ও বড় ভাই আবদুল আউয়াল আসেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ইউএনও আক্তারুজ্জামান তাদের কাছ থেকে নূরুল ইসলামের বিস্তারিত খোঁজ খবর নেন।
তাকে দেশে ফিরিয়ে আনতে বিমানের টিকিট কেনারও সাধ্য ছিল না পরিবারের। বিষয়টি উপলব্ধি করে ইউএনও নিজ উদ্যোগে ও স্থানীয়দের সহায়তায় টিকিট কেনার ব্যবস্থা করেন। গত ২২ জুন বুধবার নূরুল ইসলাম কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন।



