ঠাকুরগাঁওয়ে ‘ভিসায় দুর্নীতির অভিযোগ’ নিয়ে অনলাইন পত্রিকায় মিথ্যা খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও ভিসা ব্যাবসায়ী সংগঠন।

শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও ভিসা আবেদন কেন্দ্রের সামনে এ সম্মেলন করে সংগঠনটি। এর আগে মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে এক সভার আয়োজন করে তারা।

জানা গেছে, ভিসার আবেদন ফরম পূরণে প্রতি দিন ৭০ থেকে ৮০টা মিথ্যা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা। বিনিময়ে স্টেটমেন্ট প্রতি ৮০০ থেকে এক হাজার টাকা আদায় করা। সেই টাকা তিন ভাগে ভাগ করা হয় প্রতি দিন। এসব মিথ্যা অভিযোগ তুলে খবর প্রকাশ করেছিল একটি অনলাইন পত্রিকা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক, বিশ্ব কম্পিউটার ভিসা প্রসেসিং সেন্টারের মালিক বিশ্ব রায় লিখিত বক্তব্যে বলেন, ২৩ জুন এক অনলাইন পত্রিকায় ‘রাজশাহী, রংপুর ও ঠাকুরগাঁও ভিসায় দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ ধরনের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত। এ জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ভিসা ব্যবসা করে যাচ্ছে তারা। ২০২০ সালের দিকে রাজশাহীর এক দালাল, নাম মারুফ হোসেনের মাধ্যমে আমরা ডলার এন্ডোর্স করতাম। ডলার এন্ডোর্স দিয়ে ভিসা জমা দিলে ভিসা লাগে না। পরে রাজশাহীতে ব্যাংকে গিয়ে জানতে পারি ওইগুলো ছিল ভুয়া ডলার এন্ডোর্স। তাই এখন আমরা কেউ আর মারুফের কাছে ডলার করি না। এই জন্য আমাদের নামে বদনাম ছড়াচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো ২০২০ সালের অনেক ভুয়া ডলার এন্ডোর্সের অনুলিপি আছে যা আমরা প্রমাণ হিসেবে সংরক্ষণ করে রেখেছি। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়েছে সেই সাথে ঠাকুরগাঁয়ে অবস্থিত ভারতীয় ভিসা অফিসের সুনাম ক্ষুন্ন করেছে। সেই জন্য আমরা আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’