রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া এলাকার সেগুন বাগান এলাকা থেকে গুলিবদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রাজস্থলী থানার ওসি জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে উগারী পাড়ার সেগুন বাগান এলাকার অজ্ঞাত ব্যক্তির লাশ ইউনিফরম পরিধান অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির লাশ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা।
২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, ‘আমাকে পাড়ার এক কার্বারি বলেছেন, গতকাল রাতে ৯-১০টার দিকে গোলাগুলি হয়েছিল। সকালে খামারের দিকে কাজে যাওয়ার সময়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে নিহতের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।’
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।



