দেশীয় অস্ত্র দিয়ে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে (৪৮) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম কুদ্দুসের বিরুদ্ধে। গত শনিবার রাত ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা ওয়াজীউদ্দিন খান মুক্তমঞ্চে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান চলার সময় পাশের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রুবেল রানা জানান, কবীর ভাই দোকানে চা খাচ্ছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, তার ছেলে রাতুল ও মনছুরসহ কয়েকজন সেখানে হাজির হন। আলী আশরাফুল জানতে চান, কেন এই আয়োজনে তিনি অংশগ্রহণ করেননি? এ সময় ভাইস চেয়ারম্যান বলেন, রাজাকারের প্রোগ্রামে কেন আসব? এসব নিয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান তার দলবল নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আলী আশরাফুল মাথায় আঘাত পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।