গজারিয়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর হাইওয়ে এলাকায় গজারিয়া নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টেকে ৫০ হাজার, ঢাকা মিস্টিমুখ রেস্টুরেন্টকে ৫০ হাজার, বাংলা রেস্টুরেন্টকে ৫০ হাজার, উজান ভাটি রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং আর রাজ্জাক রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁও জোনের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশলী) সুরুজ আলম জানান, অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে পাঁচ হোটেল মালিককে জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে দুই শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও জানান তিনি।



