পিরোজপুরের মঠবাড়িয়ার জমি নিয়ে বিরোধের জেরে আপন দু’ভাইয়ের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ চারজন আহত হয়েছে।
সোমবার দুপুরে মঠবাড়িয়ার উত্তর মিঠখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের মৃত শমসের আলী হাওলাদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী (৬০), ইউনুস আলী হাওলাদারের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু হাওলাদার (৩৫), ইউনুস আলী হাওলাদারের স্ত্রী ও সাবেক নারী ইউপি সদস্য পিয়ারা বেগম (৬৫) ও ইউসুফ আলী হাওলাদারের ছেলে উপজেলা যুবলীগ সদস্য শামীম রেজা রুবেল (৩৮)।
আহত ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর মিঠখালী গ্রামের মৃত শমসের আলী হাওলাদারের ছেলে ইউনুস আলী ও ইয়াকুব আলীর সাথে ছোট ভাই ইউসুফ আলী হাওলাদারের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশি বৈঠকেও তাদের বিরোধ মিটেনি। তবে এ জমি নিয়ে আদালতে দু’ভাইয়ের মামলা বিচারাধীন রয়েছে।
সূত্রে আরো জানা যায়, জমির বিরোধের জের ধরে সোমবার সকালে অপু ও তার দলবল চাচা ইউসুফকে মারধর করে। বাবাকে মারধরের খবর পেয়ে ইউসুফের ছেলে রুবেল এর প্রতিবাদ করলে ঘটনার দিন দুপুরে দু’গ্রুপ রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে অপু হাওলাদারের দু‘পা ভেঙে যায় এবং সামনের দাঁত পড়ে যায়।
মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ও রুবেল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: চঞ্চল গোলদার উন্নত চিকিৎসার জন্য তিনজনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত ইউসুফ হাওলাদার নামের একজনকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



