মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী একটি ট্রাক উল্টে গেছে। এতে চালকসহ চারজন আহত হয়েছেন।
পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল ট্রাকটি। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলমগীর হোসেন সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে চালক ও চালকের সহকারীর অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ঢাল থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় ভায়াডাক্টের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ এবং সেতু বিভাগের লোকজন ঘটনাস্থলে যায়। সোয়া ৬টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।



