বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় ও ছোট দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মোট ৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করেন। বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সভাপতি ড. মো: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. নির্মল চন্দ্র শীল, বারির পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সহসভাপতি ড. দীদার সুলতানা। এ ছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, বিএআরআই উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে উম্মেয়ারা স্মৃতি তহবিলের বিভিন্ন দিক তুলে ধরেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা শাখার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও তহবিলের সদস্যসচিব ড. খোকন কুমার সরকার।