রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজিম মোল্লা বাদল (১৫) নামের এক মাদরাসাছাত্রের হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আজিম মোল্লা বাদল হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন সবুর শেখ (২২), স্বাধীন মণ্ডল (১৬), তোজাই মোল্লা (১৬)।

মঙ্গলবার রাজবাড়ী আদালতে আসামিরা হত্যার দায় নিয়ে স্বীকারোক্তি দিয়েছে।

এর আগে রোববার (২৬ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপু ইউনিয়নের বড় হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে আজিম মোল্লা বাদলের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

নিহত বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে এবং বড় হিজলি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

বালিয়াকান্দি থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।