নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ত্রাণ সহায়তা পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের সুলতাননগর গ্রামের বানভাসিরা। ‘হিউম্যানিটি অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সহায়তা করেছে গ্রামবাসীদের।
মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন সংগঠনের সদস্য এম আরাফাত বিল্লাহ, মো: তাইজুল ইসলাম, এরশাদ মিয়া, আনোয়ার হোসেন ও সাদ্দাম হোসেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তিন কেজি করে চাল, দেড় কেজি করে চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, মশুর ডাল, এক কেজি করে আলু, ৫০০ গ্রাম টোস্ট বিস্কুট, পানির বোতল, খাবার স্যালাইন, ঔষধ, মোম ও গ্যাস-লাইটার।
হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম জানান, ২০১৭ সাল থেকে এই সংগঠনের মাধ্যমে তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকার শিক্ষিত তরুণদের নিয়ে এই সংগঠন করা হয়েছে। এবারের বন্যায় গুণধর ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষকে তারা খাদ্য সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, সোমবার নয়া দিগন্ত অনলাইনে 'বন্যায় তালিয়ে যাওয়া সুলতাননগরে এখনো কোমরপানি, নেই ত্রাণ সহায়তা' এবং মঙ্গলবার দৈনিক নয়াদিগন্তের শেষের পাতায় ‘সুলতানাদের কান্না’ শিরোনামে বন্যাদুর্গতদের নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি দেখে স্বেচ্ছাসেবী ওই সংগঠনের কর্মীরা নয়া দিগন্তের সাথে যোগাযোগ করেন।
ত্রাণ পেয়ে বন্যাদুর্গতরা আনন্দ প্রকাশ করেছেন। এর আগে ত্রাণ সহায়তার জন্য আক্ষেপ জানানো গ্রামের রোশেনা আক্তার এবার বলেন, ‘ত্রাণ পায়া আমরার কিছুডা আসান হইছে। দু’-তিন দিন চলতারাম। আফনেরা সবার লাগি দোয়া করি।’



