বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রিত দর্শনা কেরুসহ দেশের সবক’টি চিনিকল এলাকায় ২০২২-২৩ অর্থবছরে আখের মূল্য বাড়ানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী সচিব, চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু ও করপোরেশন পরিচালক (সিডিআর) আশরাফ আলি স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখের মূল্য বাড়ার খবরের জরুরি বার্তাটি দর্শনা কেরু চিনিকল এলাকায় এসে পৌঁছলে চিনিকলের কর্মকর্তা, কর্মচারি, শ্রমিক, আখচাষি ও সাধারণ মানুষের মধ্যে উল্লাস করতে দেখা যায়।

মূল্য নির্ধারণীপত্র থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে প্রতি কুইন্টাল ছিল তিন শ‘ ৫০ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে বাড়িয়ে করা হয় চার শ‘ ৫০ টাকা। অর্থাৎ প্রতি মণে বেড়েছে ৪৫ টাকা। যেখানে গত বছর ছিল প্রতি মণ এক শ‘ ৩৫ টাকা, এবার হলো এক শ ৮০ টাকা। বহিঃকেন্দ্র গত বছর ছিল কুইন্টার প্রতি তিন শ‘ ৪৩ দশমিক ৪০ টাকা, এবার বেড়ে হয়েছে চার শ‘ ৪০ টাকা।

এছাড়া উলেখ করা হয়, মাড়াই মৌসুমের মাঝামাঝি সময়ে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ১৫ দিন পরপর ৫ বার তিন টাকা করে বাড়ানো হয়ে থাকে, এবার তা বাড়িয়ে চার টাকা করা হয়েছে। ফাউন্ডেশন সিডে দু‘ টাকা ও সাটিফাইড সিডে এক টাকা বাড়ানো হয়েছে।

কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ: হান্নান মণ্ডল, সাধারণ সম্পাদক আ: বারী ও সহ-সভাপতি ওমর আলী জানান, আখের মূল্য বাড়ায় তারা খুবই আনন্দিত।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ‘চাষিদের দীর্ঘ দিনের দাবি ছিল আখের মূল্য বাড়ানো হোক। করপোরেশন চেয়ারম্যান মহোদয় সেটা করেছে, আশা করা হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর ইক্ষু রোপন মৌসুমে এলাকার আখচাষিরা বেশি বেশি আখচাষ করে মুনাফা অর্জন করতে পারবে।

তিনি বলেন, ‘কেরু চিনিকল ২০২১-২২ অর্থবছরে ৫০ কোটি টাকার ওপরে মুনাফা অর্জন করেছে, যেহেতু এ বছর আখের মূল্য বাড়ানো হয়েছে সে হিসেবে আগামী বছর বেশি আখ পাওয়া গেলে চিনির কলটি দ্বিগুন লাভের মুখ দেখতে পারে।’