নিরাপত্তা বিবেচনায় পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। মঙ্গলবার তৃতীয় দিনেও একই চিত্র বহাল রয়েছে। তবে পণ্য হিসেবে মোটরসাইকেল পিকআপে করে সেতু পারাপার করা যাবে। এক্ষেত্রে কোনো যাত্রী থাকতে পারবে না সেসব মোটরসাইকেলের সাথে।
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় দায়িত্বরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কত দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এমন প্রশ্ন করলে প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ‘সেতু কর্তৃপক্ষ যত দিন এই সিদ্ধান্ত বহাল রাখতে তত দিন মোটরসাইকেল পদ্মাসেতু দিয়ে চলতে পারবে না। কর্তৃপক্ষ যদি পুন:সিদ্ধান্ত দেয় তবে পরে দেখা যাবে। মোটরসাইকেল যদি পণ্য হিসেবে পিকআপে করে ঢেকে নিয়ে যায় তাহলে যেতে পারবে। কিন্তু যাত্রী বা আরোহীসহ মোটরসাইকেল নিয়ে পিকআপ যেতে পারবে না। কারণ মোটরসাইকেল ও আরোহীরা একসাথে পিকআপে গেলে তারা সেতুতে নামতে পারে। দেখা গেল পাঁচ-ছয়জন মিলে মোটরসাইকেল নামিয়ে সেতুতে চালাবে। এই আশঙ্কায় আমরা যাত্রী ও মোটরসাইকেল একসাথে পার হতে দিচ্ছি না। মোটরসাইকেলের যাত্রীরা আলাদা যাবে পিকআপে শুধু মোটরসাইকেল পার হতে পারবে। সেভাবে যেতে দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, টোল আদায় কার্যক্রম মঙ্গলবার সুষ্ঠু সুন্দরভাবে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো, কোনো যানজট নেই। দ্বিতীয় দিনেও প্রায় দুই কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। গাড়ির সংখ্যা ছিলো সাড়ে ১৫ হাজার।
এদিকে যান চলাচল চালুর তৃতীয় দিনে পদ্মা সেতুতে আজ চাপ অনেকাংশে কম। এতে ব্যক্তিগত, পণ্যবাহী ও গণপরিবহনসহ অন্য গাড়ি স্বাচ্ছন্দ্যে সহজেই নির্ধারিত টোল দিয়ে সেতু পার হতে পারছে। শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
মাওয়া প্রান্তে টোল প্লাজা ও অভিমুখে পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেক মোটরসাইকেল এরপরেও টোল প্লাজায় দফায় দফায় আসছে।



