নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম নুর হোসেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিংয়ের পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল নিহত নুর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিংয়ের পিছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ঢালের সাথে নুর হোসেন বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খণ্ডবিখণ্ড হয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।