কুষ্টিয়ায় কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জন্মান্ধ উচ্চশিক্ষিত সঙ্গীতশিল্পী অঞ্জনা রানী হালদার। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্ধ শ্রুতিলিপির মাধ্যমে নিজের অসহায় জীবনালেখ্যের করুণ চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জন্মান্ধ অঞ্জনা। লিখিত বক্তেব্যে কুষ্টিয়া পৌর এলাকার বিবি নন্দী সড়কস্থ অর্পিত সরকারি জমির ওপর পরিত্যক্ত ঘরে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধী মান্দারি হালদার ও ফুলমালা হালদারের কন্যা অঞ্জনা বলেন, জন্ম থেকেই তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। কুষ্টিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল থেকে শুরু করে সে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সর্বশেষ ইতিহাস বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ২০১৭ সালে। একই সঙ্গে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি থেকে ৪ বছর মেয়াদি সঙ্গীত শিক্ষায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। বিদ্যমান অবস্থায় ন্যূনতম জীবন ধারণযোগ্য একটি কর্মসংস্থান এবং মাথা গোঁজার মতো একটি ঠাঁয় পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। তবে এ বিষয়ে কুষ্টিয়া সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত উপপরিচালক) মুহাম্মদ মুরাদ হোসেন বলেন, ‘জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী অঞ্জনা হালদার সমাজসেবা অধিদফতর থেকে প্রতিবন্ধী ভাতাভোগী। শিক্ষাজীবন শেষ করে এখন তিনি একটি কাজের দাবি করছেন ভালো কথা, তবে তাকেই বিষয়টি আমাদের কাছে এসে পরিষ্কার করতে হবে যে অঞ্জনা কী ধরনের কাজ করার যোগ্যতা রাখেন। তাহলে ওর সক্ষমতা অনুযায়ী একটি কাজ পাইয়ে দেয়ার মতো চেষ্টা আমরা সম্মিলিতভাবেই করতে পারি।