বরগুনার বেতাগীতে উপজেলা বিএনপির দুই গ্রুপের কর্মিসভাকে কেন্দ্র করে সঙ্ঘাতের আশঙ্কায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার দুপুরে এ আদেশ জারি করে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুহৃদ সালেহীন। রোববার বিকেল সাড়ে ৪টায় বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক গ্রুপ এবং বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের পুরাতন ডাক বাংলার সামনে অন্য একটি গ্রুপ কর্মিসভা আয়োজন করে।
এ কর্মিসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল। দুই গ্রুপই মোটরসাইকেল মহড়া ও শোডাউন করে। এতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
উপজেলা বিএনপির একাংশের নেতা হুমায়ুন কবির মল্লিক বলেন, তেমন কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের মদদে শাহজাহান কবির গ্রুপ করে দলীয় কার্যালয়ের বাইরে সভার আয়োজন করেছে।



