জামালপুরের মেলান্দহ উপজেলার চাঁড়ালকান্দি গ্রামের যুবক জসিম উদ্দিনের (২৬) জীবন শিকলে বন্দী। ছয় বছর আগে (২০১৬) সালে হঠাৎ তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ করা যায়। একদিন পাশের গ্রামে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় বাসায়। এর পর থেকে গত দুই বছর ধরে শিকলে বন্দী তার জীবন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাঁড়ালকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দীন। বাবা নিজাম উদ্দিন তিন বছর আগে মারা গেছেন। চার ভাই-বোনের মধ্যে জসিম সবার ছোট। জসিম মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন। স্বাভাবিক অবস্থায় এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। সে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আসক্ত হয়ে পড়েন নেশায়।
শুক্রবার সকালে জসিমের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি বাঁশের চাটাই দিয়ে তৈরি ঘরে নোংরা কাপড় গায়ে তিনি শুয়ে আছেন। পা শিকল দিয়ে একটি খুঁটির সাথে বাঁধা। জসিমের কাছে পুরনো স্মৃতির কথা জানতে চাইলে লজ্জায় মুখ ঢেকে ফেলেন।
এ বিষয়ে জসিমের মা জরিনা বেগম বলেন, ‘জসিমের বয়স যখন ছয় বছর, তখন থেকে সে পাগল। আমার এই ছেলে জীবিত থেকেও মরা। এখন আগের চাইতে সমস্যা বেড়েছে। এইচএসসি পরীক্ষা দেয়ার আগে এই সমস্যা শুরু হলেও পরীক্ষা দিয়েছিল। ভালো রেজাল্টও করেছে। তার চিকিৎসায় সংসারের সবকিছু বিক্রি করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে ওই পরিবারের সাথে যোগাযোগ করে সার্বিক সহায়তা করা হবে।



