চুয়াডাঙ্গার দর্শনায় ঈদের নামাজের পর ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইনামুল হক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় সবুজ হোসেন নামের একজন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর- সাড়াবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনামুল উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের আ: গনি শাহর ছেলে। আহত সবুজ হোসেন একই গ্রামের আরাফাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের নামাজের পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ইনামুল ও সবুজ। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামের মাঠের ভেতর একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে ইনামুলের মৃত্যু হয়। এ ঘটনায় সবুজ নামের একজন গুরুতর আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইনামুল হক নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। সবুজ নামের একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইস এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইনামুল হক নামের এক যুবক নিহত হয়েছেন।