নওগাঁর রাণীনগরে দু’মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শাহিন আলম (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা ওই পুলিশ সদস্যের স্ত্রী শবনম মোস্তারী শিপন (৩৬) গুরুতর আহত হয়েছেন।
সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার কুজাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
নিহতের ছোট ভাই সেনা সদস্য রায়হান আলম বলেন, শাহিন আলম রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। ঈদের দিন বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বড় বোনের বাড়ি আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল শাহিনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্ত্রী শবনম গুরুতর আহত হন। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে গোদাগাড়ী থানার এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রাতেই এসে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কিছু আর্থিক অনুদান প্রদান করেছেন।



