চুয়াডাঙ্গায় দ্রুত গতির ট্রাকে সাউন্ডবক্স বাজিয়ে জনজীবন বিপন্ন করে ঈদ উৎসব করায় অর্ধশতাধিক কিশোর ও যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ৩টার দিকে সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে তাদের আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।তাদের সবার বাড়ি দামুড়হুদা থানা এলাকায়।
পরে পরিবারের লোকজনকে থানায় ডেকেএনে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহরে অভিযান চালিয়ে সাউন্ডবক্সসহ ট্রাক ভর্তি অর্ধশতাধিক কিশোর ও যুবককে আটক করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ঈদের দিন থেকে বেপোরোয়াভাবে জেলার বিভিন্ন স্থানে কিশোর ও যুবক ঘুরে বেড়াচ্ছে। এতে সামাজিকভাবে অপসংস্কৃতি ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। সড়কে দুর্ঘটনা এড়াতে অভিযান পরিচালনা করা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।



