রাজবাড়ীতে মসজিদে যাওয়ার সময় বাসের চাপায় মাওলানা মোর্তজা আযম জিলানি (৫০) নামে স্থানীয় একটি মসজিদের ইমাম নিহত হয়েছেন।

সোমবার বিকাল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার এসআই মো: জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

নিহত কাজী মুর্তজা আজম জিলানী উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা এবং রাজবাড়ী ফ্লাওয়ার ও রাইস মিলস্ মসজিদের ইমাম ছিলেন। বিশিষ্ট আলেমেদ্বীন ও সুপরিচিত ইসলামী বক্তা হিসেবে এলাকায় তার সুনাম ছিল।

গত এক মাস আগেও ওই সড়কের বাগমারায় আরেকজন আলেমেদ্বীন ও শিক্ষক নেতা আব্দুল হককে (৫০) বাইক চালানো অবস্থায় পেছন দিক থেকে একটি বাস চাপা দেয়। তাতে তিনিও নিহত হন।

স্থানীয়দের বরাতে এসআই জুয়েল জানান, মোর্তজা আযম নামাজ পড়ানোর জন্য রাজবাড়ী থেকে বাইকযোগে তার মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে কুষ্টিয়াগামী বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত আহত ইমাম কাজী মুর্তজাকে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।