রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা
গুলি ছোড়ে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহে এ ঘটনা ঘটে। আহতদেরকে বালিয়াকান্দি ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া এলাকার সবুর শিকদার ও পান্নু মন্ডলদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘিদন যাবত। সুযোগ বুঝে সোমবার বিকেলের দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহের কাছে পূর্ব শত্রতার জের ধরে পান্নু গ্রুপের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
পরে টাকাপোড়া ও বিলধামু গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সোনালী ব্যাংকের কর্মকর্তা সেলিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেলিমের বসতবাড়ির গ্যাস সিলিন্ডার ও দুইটি মোটরসাইকেল ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।
সংঘর্ষে আহতরা হলেন, সবুর গ্রুপের আলমগীর মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জিল্লু শিকদার, সবুর শিকদার, রাশেদুল ইসলাম এবং পান্নু মন্ডলের গ্রুপের রিপন, ফরিদুল ইসলাম, পান্নু মন্ডল, হারুন মন্ডল, ফজলু, হেলাল, মুকুল, টুটুল, আতিয়ার, মতিন ও জাহিদ।
বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের ৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।



