গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পিতাকে পিটিয়ে হত্যা করেছে আরিফ নামের তারই এক কুলাঙ্গার ছেলে। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) সকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের খানপাড়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কিছুদিন থেকে ছেলে আরিফের সাথে টাকা-পয়সা নিয়ে তার পিতা ফজলুল হকের বিবাদ চলে আসছিল। ওই বিষয়ে মঙ্গলবার সকালেও কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে তার ছেলে আরিফ তার শ্বশুরসহ কয়েকজনের সহযোগিতায় লাঠি দিয়ে পিতা ফজলুল হককে (৬০) বেধরক মারপিট করে। এতে ফজলুল হক গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেইসাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম আজ দুপুরে ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।’