নওগাঁর মান্দায় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা থেকে রায়হান আলী (২৪) ও তারাবানু (১৮) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবনদ থেকে লাশ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রায় চার মাস আগে প্রেমের মাধ্যমে বিয়ে করেছিলেন তারা। এ নিয়ে উভয় পরিবারের মাঝে সম্পর্কের টানাপোড়ন চলছিল। এ অবস্থায় মঙ্গলবার সকালে শিবনদে মাছ ধরার একটি ডিঙিতে তাদের লাশ পাওয়া যায়।
রায়হান আলী উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ও তারাবানু পাশের শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে।
ইস্কেন্দার আলী বলেন, সোমবার রাত ১১টা পর্যন্ত মেয়ে তারাবানু নিজ ঘরেই ছিল। তিনি কখন ঘর থেকে বাইরে গেছেন এ বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য জ্যোতিন কুমার জানান, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি নৌকায় তাদের লাশ দেখতে পান। পরে সংবাদ পেয়ে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। মৃত স্বামী-স্ত্রী মান্দা এলাকার বাসিন্দা হলেও ঘটনাস্থল ছিল নিয়ামতপুর থানার মধ্যে। এ কারণে লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



