কুমিল্লার দেবিদ্বারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজমল ফুয়াদ সাজিব নামে এক আমেরিকা প্রবাসী যুবকের ছুরিকাঘাতে মেহেদী হাসান শান্ত (২৫) নামের আরেক যুবক খুন হয়েছে। এ সময় সাজিবের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আরো চার যুবক আহত হয়েছে। গত শনিবার বিকেলে প্রকাশ্য দিবালোকে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে রহস্যজনক কারণে ঘটনার মূল ঘাতককে মামলায় আসামি না করে সাক্ষী করা হয়েছে। আর গত ইউপি নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ক্যান্সার আক্রান্ত এক যুবককে মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের এম আলী অ্যান্ড এ বারী উচ্চবিদ্যালয়ের সামনে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবকদের মধ্যে বাগিতণ্ডা হয়। এ সময় আমেরিকা প্রবাসী আজমল সজিব উপস্থিত যুবকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে পাঁচ যুবক আহত হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত মেহেদী হাসান শান্তকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত (২৫) নুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ওই গ্রামের বাসিন্দা আবু কাউছার অনিক বলেন, এ ঘটনায় প্রভাবশালী এক জনপ্রতিনিধির কারণে মূল ঘাতককে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, বাদিপক্ষ সাজিবকে আসামি করেনি। বিষয়টি নিয়ে নানা ধরনের কথা আমার কানে আসছে। আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করব। অপরাধের সাথে জড়িত কেউ ছাড় পাবে না।